
রংপুরে এক উন্নয়ন সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক এনামুল আহসানের ঘনঘন ‘স্যার’ সম্বোধনকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। মাত্র দুই মিনিটের বক্তব্যে তিনি মন্ত্রীকে ৫০ বারেরও বেশি ‘স্যার’ বলে সম্বোধন করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় এ ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এনামুল আহসান রংপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন। তবে তার বক্তব্যের প্রায় প্রতিটি বাক্যেই একাধিকবার ‘স্যার’ শব্দ ব্যবহার করতে দেখা যায়।
সভায় উপস্থিত একাধিক ব্যক্তি জানান, অল্প সময়ের মধ্যে একই সম্বোধনের পুনরাবৃত্তিতে অনেকেই বিরক্তি অনুভব করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে হাস্যরসের পাশাপাশি সমালোচনাও শুরু হয়।
শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া নীলফামারী ও গাইবান্ধা জেলার সংসদ সদস্য, রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরাও এতে অংশ নেন।
আঞ্চলিক বৈষম্য কমানো ও শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আয়োজিত এ সভায় উন্নয়ন পরিকল্পনার চেয়ে জেলা প্রশাসকের অতিরিক্ত সম্বোধনই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার এমন আচরণ পেশাদারিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
আরবিএ/আরটিএনএন



