
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত পাখিভ্যানের সংঘর্ষে নাইম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে । এ ঘটনায় আহত হন একই মোটরসাইকেলের আরোহী রাফিদ (১৬)।
মঙ্গলবার রাত ৮টায় চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের জয়রামপুর কাঠালতলা এলাকার রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাইম চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের উকতো গ্রামের সাজিরুল ইসলামের ছেলে। আহত রাফিদ একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুই কিশোর মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। মোটরসাইকেলটি নাইম চালাচ্ছিল। এ সময় একটি ব্যাটারিচালিত পাখিভ্যানের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে নাইমকে মৃত ঘোষণা করা হয়। আহত রাফিদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের মতে, অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়ার কারণে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে। জেলা পুলিশ অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত দুইজনই অপ্রাপ্তবয়স্ক। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার আগেই নাইমের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।



