
জয়পুরহাট জেলার সদর উপজেলার চক বরকত ইউনিয়নের পল্লীবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, মাল্টিমিডিয়া কক্ষ ও প্রধান কার্যালয়সহ একাধিক কক্ষ পুড়ে গিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (২৩ মার্চ) সকাল আনুমানিক ৮টার পর বিদ্যালয়ের ভেতরে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন ও বিদ্যালয়ের কর্মরতরা আগুন দেখতে পেয়ে দ্রুত নেভানোর চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।
তিনি জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের দেয়ালগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় শ্রেণি কার্যক্রম চালানো সম্ভব নয়। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সহায়তায় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আশ্বাস দেন তিনি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, “আগুনে মাল্টিমিডিয়া কক্ষের বিভিন্ন যন্ত্রপাতি, প্রায় ৪৫ সেট বেঞ্চ, শিক্ষা উপকরণসহ একাধিক শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে শিক্ষার্থীদের জন্য স্বাভাবিক পরিবেশ নেই।”
স্থানীয় ৯ নম্বর চক বরকত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সায়েম মোল্লা জানান, সকাল ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। পরে তাদের ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিছু শিক্ষা উপকরণ উদ্ধার করা গেলেও অধিকাংশই পুড়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষা কার্যক্রমে বড় ধরনের ক্ষতি হয়েছে।
আগামী ২৯ মার্চ শ্রেণি কার্যক্রম শুরুর কথা থাকলেও বর্তমানে পাঠদানের উপযোগী পরিবেশ নেই। এ অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি সহায়তার প্রত্যাশা করছে।



