
পঞ্চগড়ের আটোয়ারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত পথচারী ইয়াসিন আলী (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (২২ মার্চ) ভোর প্রায় সাড়ে ৪টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ঈদের দিন শনিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার রসেয়া-কালিকাপুর গ্রামীণ সড়কের কালিকাপুর পুকুরপাড় (বাঁশঝাড়) এলাকায় ইয়াসিন আলীসহ আঃ লতিফ নামে আরও একজন পথচারী দুর্ঘটনার শিকার হন।
ওই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নবম শ্রেণির এক ছাত্রী অক্ষত থাকলেও আঃ লতিফ (৫৫) আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াসিন আলী কালিকাপুর গ্রামের মৃত তসলিম উদ্দীনের ছেলে এবং আহত আঃ লতিফ একই গ্রামের মৃত জসির উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াসিন আলী ও আঃ লতিফ রসেয়া-কালিকাপুর গ্রামীণ সড়ক দিয়ে হেঁটে কলেজমোড় বাজারের দিকে যাচ্ছিলেন। তারা কালিকাপুর পুকুরপাড় এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা মোটরসাইকেল আরোহী (স্কুলপড়ুয়া ছাত্রী) পথচারীদের সামনে দেখতে পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ইয়াসিন আলী।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আটোয়ারী থানার ওসি মো. মতিয়ার রহমান জানান, এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



