
চুয়াডাঙ্গা জেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই বিএনপি নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
বুধবার বিকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অফিসিয়াল প্যাডে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় কর্মকাণ্ডবিরোধী বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন বলেন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত ও ভবিষ্যতেও দলের নীতিমালা পরিপন্থি কোনো কার্যক্রমের বিরুদ্ধে যারা যাবে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



