
ঈদ পরবর্তী সময়ে সেতুর মেরামত কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় চট্টগ্রামমুখী লেন চার দিন বন্ধ রাখা হবে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানিয়েছে, পরবর্তীতে আরও কয়েকদিন একলেনে যানচলাচল করতে হবে। এই কারণে ঈদের ফিরতি যাত্রায় কিছুটা দুর্ভোগের আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
তবে সড়ক বিভাগ বলছে, এবার ঈদে লম্বা ছুটি রয়েছে। ঈদ পরবর্তী সময়ে মানুষের চাপ কম থাকে এবং ভারী যানবাহনও বন্ধ থাকে। সেজন্যই এই সময়টিকে মেরামত কাজের জন্য উপযুক্ত হিসেবে নির্বাচন করা হয়েছে।
ফেনী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর সেতু ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই দ্রুত মেরামত কাজ শুরু করা জরুরি। মেরামত কাজ চলাকালে, ২২ থেকে ২৫ মার্চ পর্যন্ত চট্টগ্রামমুখী লেন সম্পূর্ণ বন্ধ থাকবে এবং ২৬ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত একলেনে যানচলাচল চলবে।
এ বিষয়ে সড়ক বিভাগ একটি গণবিজ্ঞপ্তি জারি করে জানায়, বিকল্প সড়ক হিসেবে কয়েকটি পথ ব্যবহার করতে হবে। এর মধ্যে রয়েছে—ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের র্যাব ক্যাম্প-সংলগ্ন ইউটার্ন থেকে রামপুর ব্রিজ পরবর্তী ইউটার্ন পর্যন্ত একমুখী ব্যবহার, ফতেহপুর স্টারলাইন পাম্প হয়ে সালাউদ্দিন মোড়, ট্রাক রোড, জিরো পয়েন্ট হয়ে লালপোল, বিসিক মোড় (গ্যাস কোম্পানি) হয়ে দেওয়ানগঞ্জ মোড়, এবং মহিপাল শহীদ শহিদুল্লা কায়সার সড়ক হয়ে ট্রাক রোড, জিরো পয়েন্ট হয়ে লালপোল সংযোগ সড়ক।
তবে, স্থানীয় বাসিন্দাদের মতে, এসব বিকল্প সড়কের বেশিরভাগই শহরের অভ্যন্তরীণ এবং ভারী যানবাহনের জন্য পুরোপুরি উপযোগী নয়। এ কারণে শহরের ভেতরে যানবাহনের চাপ বেড়ে যানজটে মানুষের দুর্ভোগ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদ পরবর্তী সময়ে এই মহাসড়কটি দেশের অন্যতম ব্যস্ত রুট। লাখো মানুষ এই সড়ক ব্যবহার করে বাড়ি ফিরতে এবং কর্মস্থলে যেতে। তাই এই সময় লেন বন্ধ থাকলে কিছুটা ভোগান্তি তৈরি হতে পারে বলে তারা মনে করছেন।
এদিকে, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেছেন, "সেতুটি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর দ্রুত মেরামত কাজ প্রয়োজন ছিল। যদিও এক লেন দিয়ে যানচলাচল অব্যাহত রাখার কারণে সাময়িক চাপ থাকতে পারে, তবে বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা নেই। ঈদের পর তিন থেকে চার দিন যানবাহনের চাপ তুলনামূলক কম থাকে এবং ভারী যানবাহনও সীমিত থাকে। এর ফলে, মেরামত কাজের জন্য এই সময়ই উপযুক্ত সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে।"
এমআর/আরটিএনএন



