নরসিংদীর পলাশে একই মহল্লার দুটি পৃথক বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নরসিংদীর পলাশে একই মহল্লার দুটি পৃথক বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলায় একই মহল্লার দুটি পৃথক বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন ওই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) এবং বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিম ও শরিফ একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মিমের বাবা-মা বাড়িতে না থাকায় তিনি একা থাকতেন। মঙ্গলবার রাতে তাঁর ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিমের পচন ধরা মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, কয়েক দিন আগেই তিনি আত্মহত্যা করেছেন।

অন্যদিকে, একই সময়ে ওই মহল্লার অন্য একটি বাড়িতে শরিফের কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বাড়িতে তাঁর অসুস্থ মা থাকলেও তিনি বিষয়টি টের পাননি বলে জানিয়েছেন। একই এলাকার দুই বন্ধুর এমন অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রাথমিকভাবে দুটি ঘটনাকেই আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তাঁরা এই পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুই মৃত্যুর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

পুলিশ জানায়, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমআর/আরটিএনএন