
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বসতবাড়ির পাশের গর্তের পানিতে ডুবে চাচাতো ভাই-বোন দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদারিকেল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো গোপালদারিকেল গ্রামের বাবুল মিয়ার ছেলে অলিউল্লাহ (২) এবং রাসেল মিয়ার মেয়ে রুবি আক্তার (২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খেলছিল অলিউল্লাহ ও রুবি। বাড়ির অদূরে পানিভর্তি একটি গর্ত ছিল। খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা ওই গর্তে পড়ে পানিতে ডুবে যায়। পরে শিশু দুজনকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে দুপুর ১২টার দিকে গর্তের পানিতে দুই শিশুর মরদেহ ভেসে ওঠে। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উভয় শিশুকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।



