উদ্ধারকৃত কিট
উদ্ধারকৃত কিটছবি: আরটিএনএন

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ডিএনএ টেস্ট কিট উদ্ধার করেছে ৫৮ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রোববার (১৫ মার্চ) রাত পৌনে ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, শনিবার রাত ১০টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ জীবননগরের নতুনপাড়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। 

নায়েব সুবেদার মো. ওসমান হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৬৫/৪-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের একটি পুকুরের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০৬ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কিট জব্দ করে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৫ লাখ ৪১ হাজার টাকা।

অভিযান চলাকালে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।