
মেহেরপুরের গাংনীর একটি ইটভাটায় ড্রাম ট্রাক থেকে মাটি নামানোর সময় বিদ্যুতের তারে স্পর্শ লেগে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন।
শুক্রবার (১৩ মার্চ) গভীর রাত আড়াইটায় গাঁড়াডোব পোড়াপাড়া এলাকায় অবস্থিত ফাইভ স্টার ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিরুল ইসলাম (৩৫) গাংনী উপজেলার তেরাইল গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাইভ স্টার ইটভাটায় ড্রাম ট্রাক থেকে মাটি নামানোর সময় ট্রাকের ড্রাম ওপরে তোলেন চালক মহিরুল ইসলাম। এ সময় ড্রামটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় ছাতিয়ান গ্রামের লাল্টু মিয়ার ছেলে সজিব (৩০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. রাসেল রানা জানান, আহত সজিবের ডান পা মারাত্মকভাবে পুড়ে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তাই প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।



