
মেহেরপুর সদর উপজেলার হিজুলী ঈদগাঁপাড়ায় অবৈধভাবে মাটি কাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক প্রভাব দেখিয়ে সাংবাদিকদের মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন—দৈনিক কালবেলার প্রতিনিধি কৌশিক বাপ্পি ও সাংবাদিক মীর শামীম। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হিজুলী ঈদগাঁপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। মাটিবাহী ট্রাক চলাচলের কারণে গ্রামের কাঁচা ও পাকা রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক স্থানে রাস্তা দেবে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল বিকেলে সংবাদ সংগ্রহ করতে সেখানে যান দুই সাংবাদিক।
অভিযোগ উঠেছে, সংবাদ সংগ্রহের সময় হিজুলী গ্রামের ইয়ারুলের ছেলে সানি নামের এক যুবক সাংবাদিকদের বাধা দেন। তিনি নিজেকে রাজনৈতিক প্রভাবশালী পরিচয় দিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হলে তাদের মেরে ফেলা হবে এবং পুড়িয়ে দেওয়া হবে।
এলাকাবাসীর ভাষ্য, অবৈধভাবে মাটি কাটার ফলে পাকা রাস্তার ওপর মাটির স্তূপ জমে পিচ্ছিল হয়ে গেছে, যা সাধারণ মানুষের চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার মিলছে না বলে তারা অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “বিষয়টি আমাদের নজরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”



