ঈদে ভোমরা স্থলবন্দরে ১০ দিন বন্ধ আমদানি–রপ্তানি।
ঈদে ভোমরা স্থলবন্দরে ১০ দিন বন্ধ আমদানি–রপ্তানি। ছবি: ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের এক মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক আবু মুছা জানান, আগামী ১৭ মার্চ পর্যন্ত বন্দরের আমদানি–রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে। বর্তমানে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পণ্য খালাস ও লোডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা ১০ দিন ভোমরা কাস্টমস হাউসে সিএন্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ বা বের হতে পারবে না। তবে ২৮ মার্চ থেকে আবারও যথারীতি আমদানি–রপ্তানি কার্যক্রম শুরু হবে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের সীমান্ত পারাপার স্বাভাবিক থাকবে। ঈদ উপলক্ষে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, সরকারি ছুটির কারণে নির্ধারিত সময় পর্যন্ত আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বন্দর ও কাস্টমস হাউসের কিছু অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চলবে।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি শেষে ২৮ মার্চ থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হলে ভোমরা স্থলবন্দর তার স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরে আসবে।

এমআর/আরটিএনএন