
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন দপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ মাঠে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দুর্যোগে করণীয় বিষয়ক বিশেষ মহড়া প্রদর্শন করেন।
সভায় বক্তারা দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন এবং দুর্যোগের পূর্ববর্তী প্রস্তুতি ও পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, কোনো দুর্যোগের পূর্বাভাস পাওয়া গেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচার চালিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, বিপদ সংকেত পাওয়া মাত্র প্রয়োজনীয় কাগজপত্র, টাকা-পয়সা, গুরুত্বপূর্ণ দ্রব্যসামগ্রী এবং গবাদিপশুসহ পরিবারের বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী সদস্যদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে হবে।
ভূমিকম্প, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের শুধু ত্রাণের ওপর নির্ভর না করে নিজেদের সক্ষমতা বাড়িয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সচেষ্ট হওয়ারও পরামর্শ দেওয়া হয়। বক্তারা বলেন, মূলত দুর্যোগের আগে সতর্কতা অবলম্বন এবং পরবর্তী করণীয় সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই দিবসটি উদযাপন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, প্রাণিসম্পদ বিভাগের ডাঃ মোঃ আবদুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহের, ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা এ. এম. আরিফুল ইসলাম, আটোয়ারী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ হারুন উর রশিদ, লিডার মোঃ কামাল হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম, শিক্ষার্থী সাদিয়া তাসনিম ও মিজওয়ানা জান্নাত মিনুসহ আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান, সম্পাদক মনোজ রায় হিরু এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী।



