
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে সংঘর্ষে আলমগীর হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন নিহতের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে হাসান মুন্সির দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এই রেষারেষির জেরে গেল বছরের মার্চে উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যা করা হয়। শাকিল মুন্সি হত্যাকাণ্ডের পর থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়।
মঙ্গলবার সকালে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আক্তার হাওলাদারের চাচাতো ভাই আলমগীর হাওলাদারকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একাধিক কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এর আগেও এই দুই পক্ষের মধ্যে একাধিকবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে তিনি জানান।



