চাল বিতরণে অনিয়ম, ৩০ কেজির দামে মিলছে ২৬ কেজি
চাল বিতরণে অনিয়ম, ৩০ কেজির দামে মিলছে ২৬ কেজি ছবি: আরটিএনএন

বাউফলে সুলভ মূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অধিকাংশ ডিলার ডিজিটাল মিটারের পরিবর্তে বালতি ব্যবহার করে সুবিধাভোগীদের চাল দিচ্ছেন। ফলে ৩০ কেজি চালের মূল্য পরিশোধ করেও অনেকেই মাত্র ২৬ কেজি চাল পাচ্ছেন বলে অভিযোগ করেছেন সুবিধাভোগীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফল উপজেলায় বর্তমানে ২১টি পয়েন্টে ডিলারদের মাধ্যমে সুলভ মূল্যের চাল বিক্রি করা হচ্ছে। প্রত্যেক সুবিধাভোগী প্রতি কেজি ১৫ টাকা দরে মোট ৩০ কেজি চাল ক্রয়ের সুযোগ পাচ্ছেন।

সোমবার (৯ মার্চ) দাসপাড়া ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় রাকিব নামের এক ডিলারের প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, তার কর্মচারীরা বালতি দিয়ে মেপে সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করছেন। পরে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে প্রায় দুই ঘণ্টা পর একটি মিটার এনে তিনি চাল বিতরণ শুরু করেন।

এ সময় একাধিক সুবিধাভোগী অভিযোগ করে বলেন, বালতি দিয়ে মাপার কারণে প্রায় চার কেজি করে চাল কম দেওয়া হচ্ছে। অথচ তাদের কাছ থেকে ৩০ কেজি চালের পুরো মূল্য নেওয়া হচ্ছে।

অভিযুক্ত ডিলার রাকিব হোসেন বলেন, তার কাছে আগে কোনো মিটার ছিল না। পরে ধার করে একটি মিটার এনেছেন। এখন থেকে তিনি মিটার ব্যবহার করেই সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করবেন বলে জানান।

কালিশুরী ইউনিয়নের একাধিক সুবিধাভোগীও অভিযোগ করেন, সেখানেও চাল কম মাপে দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ করলে ডিলাররা চাল দেওয়া বন্ধ করে দেওয়ার হুমকি দেন। তাই বাধ্য হয়ে তারা যা দেওয়া হয় তাই নিয়ে বাড়ি ফিরে যান।

এদিকে চাল বিতরণের সময় ডিলার পয়েন্টে ট্যাগ অফিসার বা খাদ্য বিভাগের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি বলে জানা গেছে।

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, মাপে কম চাল দেয়ার কোনো সুযোগ নেই। অভিযোগের বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ডিলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।