
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১২ বোতল বিদেশি মদ ও ১০ পিস ইয়াবাসহ মোছা. জুমা আক্তার (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তার বাবা মো. আবুল কাশেম (৬৩)।
রোববার (৮ মার্চ) বিকেল ৫টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নেত্রকোণা জেলার বারহাট্টা থানাধীন আসমা ইউনিয়নের হরিয়াতলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিয়াতলা গ্রামের আবুল কাশেমের দক্ষিণ দুয়ারী চৌচালা টিনের বসতঘরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম অভিযান চালায়। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের প্লাস্টিক ব্যাগের ভেতর পেপার কাগজে মোড়ানো ১২ বোতল ‘এসি ব্ল্যাক’ ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ৩৭৫ মিলিলিটার করে মোট সাড়ে চার লিটার মদ ছিল।
এছাড়া একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনজাত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে জুমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা মো. সোহেল মিয়ার স্ত্রী এবং ওই ঘরের মালিক আবুল কাশেমের মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, পলাতক আসামি আবুল কাশেমকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা বাদী হয়ে বারহাট্টা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



