নিহত আনছর আলী
নিহত আনছর আলীআরটিএনএন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এক মোটরসাইকেল চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের একটি আখক্ষেতের পাশে বিএডিসির পাম্প হাউজসংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আনছর আলী (২৭) সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের মানিক মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে আখক্ষেতের পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের গলায় জিআই তার পেঁচানো ছিল এবং সেখানে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে রাতের কোনো এক সময় নির্জন স্থানে ডেকে নিয়ে বা পথরোধ করে গলা কেটে হত্যা করে মরদেহটি ফেলে রেখে যায়।

স্থানীয় ইউপি সদস্য শাহপরাণ জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।