
নওগার ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় অবাধে বালুবাহী ড্রাম ট্রাক চলাচলের ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অরিরিক্ত মাল বোঝাই ট্রাক চলাচলের ফলে রাস্তা নষ্ট হচ্ছে। যার ফলে ব্যপকহারে ধুলাবালু ছড়িয়ে পড়ছে, বৃষ্টি হলে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। অনেকের চোখে জ্বালা-পোড়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের দেখা দিয়েছে।
এ বিষয়ে শিক্ষার্থী প্রতিনিধি, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, কৃষক-শ্রমিক ও রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাধিকবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে মৌখিক অভিযোগ জানিয়েছেন। তবে অদৃশ্য কারণে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
এ অবস্থায় চরম ক্ষোভ ও হতাশা থেকে এলাকাবাসী একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা দ্রুত বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
স্থানীয়দের প্রশ্ন—মানুষের এই ভোগান্তি ও প্রতিবাদের পর কি উপজেলা প্রশাসনের টনক নড়বে?



