জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী
জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সূত্র ও নগর জামায়াতের নেতাদের তথ্য অনুযায়ী, গত সোমবার রাতে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখার মজলিশে শূরার বৈঠকে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নেয়া হয়। 

মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। তিনি জানান, সাংগঠনিক প্রক্রিয়া ও কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতেই হেলালীকে মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

দলীয় পর্যায়ে জানা গেছে, আসন্ন চসিক নির্বাচনকে সামনে রেখে গত ফেব্রুয়ারি থেকেই প্রার্থী বাছাইয়ের কার্যক্রম শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের মতামত গ্রহণের পাশাপাশি গোপন ভোটের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের মূল্যায়ন করা হয়।

প্রাথমিক যাচাই-বাছাই শেষে পাঁচজনের একটি তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়। ওই তালিকায় ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, মোহাম্মদ শফিউল আলম এবং ডাকসুর সাবেক ভিপি সাদিক কাইয়ুম। পরবর্তীতে কেন্দ্রীয় পর্যায়ের সিদ্ধান্তে অধ্যক্ষ হেলালীকে চূড়ান্তভাবে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

বর্তমানে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সিদ্ধান্ত ঘোষণার পর চট্টগ্রাম মহানগর জামায়াতের শূরা বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়, যেখানে আসন্ন নির্বাচনে সংগঠনের প্রস্তুতি ও কৌশল নিয়েও আলোচনা হয়।