যৌক্তিক আন্দোলনে ও শিক্ষার্থীরা শিক্ষকদের পাশে পায়নি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত অধিকাংশ শিক্ষার্থী।ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অধিকাংশ শিক্ষার্থী মনে করেন, তাদের বিভিন্ন যৌক্তিক আন্দোলনের সময় তারা শিক্ষকদের সহযোগিতা বা সমর্থন পাননি। বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের লিংকার্স গ্রুপ’ পেজে পরিচালিত এক জরিপে এ চিত্র উঠে এসেছে।

সোমবার (২০ এপ্রিল) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপের ফলাফলে দেখা যায়, ৮২ শতাংশ শিক্ষার্থী বলেছেন তারা শিক্ষকদের পাশে পাননি। অন্যদিকে ৪ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, তারা শিক্ষকদের সমর্থন পেয়েছেন। আর ১২ শতাংশ শিক্ষার্থী এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।

গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ উন্মুক্ত জরিপে মোট ২৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর তুলনায় অংশগ্রহণকারীর সংখ্যা কম বলে উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও বিভিন্ন সংকট নিরসনে বারবার দাবি জানানো হলেও শিক্ষকরা সেসব বিষয়ে তেমন গুরুত্ব দেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিশ্ববিদ্যালয়ের মোট সুবিধার প্রায় ৮৫ শতাংশ ভোগ করছেন শিক্ষকরা, অথচ শিক্ষার্থীরা ৫ শতাংশ সুবিধাও ঠিকমতো পাচ্ছে না। যখন শিক্ষার্থীরা অবকাঠামোগত সমস্যা নিয়ে আন্দোলন করেছে, তখন শিক্ষকদের দেখা যায়নি। তারা মূলত নিজেদের বেতন, পদোন্নতি ও ভাতাদি নিয়েই ব্যস্ত।”

তিনি আরও বলেন, শিক্ষকদের ব্যক্তিস্বার্থ ও সুযোগ-সুবিধার প্রতি বেশি মনোযোগের কারণে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো বারবার উপেক্ষিত হচ্ছে।