ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মেলেনি ডিজেল,
পাম্পে যেয়ে ডিজেল না পেয়ে ফিরতে হচ্ছে কৃষকদের।ছবি: আরটিএনএন

মেহেরপুরে ৮ ঘন্টা অপেক্ষা করেও ডিজেল পাননি কৃষকরা। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর থেকে লাইন দিয়ে দুপুরের পর খালি হাতে ফিরে গেছেন অনেক কৃষক।
 
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর তেল সরবরাহ বৃদ্ধির আশা করেছিলেন চাষী ও যানবাহন মালিকরা। তবে গেল দুদিন ধরে জেলার ফিলিং স্টেশনগুলোতে আগের মতই লম্বা লাইন দেখা যাচ্ছে। তীব্র রোদ গরম উপেক্ষা করে অপেক্ষায় থাকা মানুষদের অনেকেই ফিরে যাচ্ছেন তেল না পেয়ে। কিছু মানুষ তেল পেলেও তা চাহিদার তুলনায় অনেক কম। সামান্য পরিমাণ তেল পাওয়ায় বারবার ফিরতে হচ্ছে ফিলিং স্টেশনে। 

ডিজেল নিতে আসা কৃষকরা অভিযোগ করে বলেন, যারা প্রকৃত কৃষক দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না অপরদিকে ইটভাটায় মাটি বহনকারী ট্রাক্টর, ড্রাম ট্রাক, ইঞ্জিন চালিত বিভিন্ন যানবাহন গুলো ইচ্ছামতো নিয়ে যাচ্ছে  ডিজেল। 

গাংনীর হোসেন ফিলিং স্টেশনে ডিজেল নিতে আসা কৃষক আসাদুল ইসলাম বলেন, ‘আমি সকাল ৬টা থেকে ডিজেল নেওয়ার জন্য অপেক্ষা করছি, এখন পর্যন্ত ১ লিটার ডিজেলও পাইনি অথচ বিভিন্ন যানবাহনে ইচ্ছামতো তেল নিয়ে যাচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘আমার ৫ বিঘা পাটের আবাদ রয়েছে ডিজেলে ব্যবহৃত  স্যালোর ইঞ্জিনের মাধ্যমে ফসলগুলোতে পানি দিতে হয়।  এখন ডিজেল না পেলে ফসল নষ্ট হয়ে যাবে।’

এ বিষয়ে মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী  অফিসার আনোয়ার হোসেন বলেন, ‘প্রকৃত কৃষকরা আমাদের দেশের অর্থনীতির চালিকা শক্তি। উন্নতির ক্ষেত্রে তাদের অবদান সব থেকে বেশি, কৃষকদের তেল দিতে কেউ যদি অপারগতা জানায় অথবা কোন অনিয়ম হয় তাদের বিরুদ্ধে  ব্যবস্থা গ্রহণ করা হবে।’