নদীর তীরে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার,
তীব্র দুর্গন্ধে লাশের খোঁজ পায় এলাকাবাসী।ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত নারী ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর তীরে মাটির নিচে বস্তাবন্দি অবস্থায় পুতে রাখা মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানা যায়, সোমবার (২০ এপ্রিল) উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া নদীর তীরে দুর্গন্ধ বের হয়। পরে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে নারীর চুল দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে মাটি খুড়ে নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মাটি খুড়ে বস্তাবন্দি নারীকে বের করার সময় তার সঙ্গে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই নারী প্রায় ৭-৮ মাসের গর্ভবতী ছিলেন। মৃত্যুর সময় পেটে বাচ্চা ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করারও চেষ্টা চলছে।’