পাবনায় রুমা ও রাজশাহীতে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা।
পাবনায় রুমা ও রাজশাহীতে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা। ছবি: আরটিএনএন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে (পাবনা-সিরাজগঞ্জ) এমপি পদে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন পাবনার চাটমোহরের নারী নেত্রী অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। দল ও জোটের পক্ষ থেকে মনোনীত ৩৬ জন প্রার্থীর তালিকায় তিনি একজন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের তালিকা ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। এছাড়া তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লার প্রয়াত বিএনপি নেতা আক্কাস আলী মাস্টারের মেয়ে। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি চতুর্থ।

স্থানীয়রা মনে করছেন, রাজপথের দীর্ঘ লড়াই-সংগ্রাম ও দলের প্রতি অবিচল আনুগত্যের স্বীকৃতি হিসেবে তিনি মনোনয়ন পেয়েছেন। সংসদে গিয়ে এলাকার মানুষের কথা তুলে ধরবেন বলেও আশা প্রকাশ করেছেন তারা।

রাজনৈতিক জীবনে অ্যাডভোকেট রুমা দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। ইডেন কলেজে থাকাকালীন সময় থেকে শুরু করে কেন্দ্রীয় রাজনীতিতে যুক্ত হওয়ার পর একাধিকবার পুলিশের বাধা, হামলা, মামলা ও কারাবরণের মুখোমুখি হয়েছেন তিনি। ২০১৮ সালে তিনি কারাভোগও করেন।

ওয়ান ইলেভেন পরবর্তী সময় থেকে বিএনপির সব কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি। পাশাপাশি নিজ এলাকায় নারী জাগরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, “ওয়ান ইলেভেন থেকে মাঠে ছিলাম। দলের দুর্দিনে নানা চড়াই-উতরাই পেরিয়ে বিএনপির সঙ্গেই থেকেছি। কোনো সময় দল থেকে বিচ্যুত হইনি। বিএনপি ও জিয়া পরিবারের নেতৃত্বেই আন্দোলন-সংগ্রাম করেছি। আমাকে মনোনয়ন দেওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি, দলের জন্য আরও কাজ করতে পারব এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারব।”

এদিকে,রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকার বাসিন্দা। 

সোমবার দুপুরে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নে তার নাম ঘোষণা করে বিএনপি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে।