
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আদালত কোনো হয়রানির জায়গা নয়, বরং ন্যায়বিচার পাওয়ার একটি নিরাপদ স্থান। মানুষের মধ্যে এই বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর করা সম্ভব হবে।
সোমবার (২০ এপ্রিল) বগুড়ায় ‘ই-বেইল বন্ড’ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ন্যায় প্রতিষ্ঠা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এটি মূলত নৈতিকতা, আইন ও মানুষের মৌলিক অধিকারের ভিত্তি হিসেবে কাজ করে। ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ উন্মুক্ত করেছিলেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় তিনি জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন উদ্বোধন করেন।
পরে আদালতের কনফারেন্স রুমে দেশের প্রথম ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থাপনা ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়।



