
দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের পর স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রোববার দিনগত রাত আনুমানিক ১টার দিকে নিজ ঘরের মেঝে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন— সুইহারি আশ্রমপাড়া এলাকার বাসিন্দা তপন রায় (৫০) এবং তার স্ত্রী লতা রানী (৪২)।
সোমবার (২০ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নূরনবী।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে প্রতিবেশীরা তপন রায়ের বাড়ি থেকে আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নেভানোর পর ঘরের ভেতর তল্লাশি চালিয়ে মেঝেতে ওই দম্পতির মরদেহ পাওয়া যায়।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা তাদের মৃত্যুর কারণ কী— সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এবং দম্পতির মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি স্পষ্ট হবে বলে জানান তিনি।



