পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ।ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলায় রাত থেকে নিখোঁজ থাকা এক গরু ব্যবসায়ীর মরদেহ সকালে পুকুরপাড় থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিহত কুদ্দুস আলী শেখ (৫৫) পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাসিমপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

রোববার (১৯ এপ্রিল) সকালে স্থানীয়রা বাড়ির পাশে পুকুরপাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কুদ্দুস আলীসহ কয়েকজন মিলে একটি ভুট্টা খেতে তাস খেলছিলেন। এ সময় মোবাইল ফোনে “পুলিশ আসছে” এমন খবর পেয়ে সবাই দৌড়ে পালিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহতের স্ত্রী মাহমুদা আক্তার অভিযোগ করেন, রাতে খোঁজাখুঁজির পরও স্বামীর সন্ধান মেলেনি। সকালে তার মরদেহ পুকুরপাড়ে পাওয়া যায়। তিনি আরও দাবি করেন, মরদেহের কয়েকটি স্থানে পোড়া দাগ ছিল।

এ বিষয়ে ফাহাদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বজ্রপাতজনিত মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।