
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরী শিহাবের সাংগঠনিক পদ স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল। তিনি আলোচিত ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াত-সমর্থিত প্রার্থী মুফতি আমির হামজা-এর বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে সোলাইমান চৌধুরীর পদ স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এ বিষয়ে সোলাইমান চৌধুরী বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তার পদ স্থগিত করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি দাবি করেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ১৮ জানুয়ারি তিনি কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মুফতি আমির হামজা-এর বিরুদ্ধে মানহানির অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করেছিলেন।
ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।



