উখিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
উখিয়া থানা।ছবি: আরটিএনএন

কক্সবাজারের উখিয়ায় মো. নাছির (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান।

পুলিশ জানায়, নিহত নাছির বড় ইনানী এলাকার বাসিন্দা এবং ইনানী সৈকত এলাকায় ডাব বিক্রি করতেন। শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে তিনি তার ফুফু মনিরা বেগম-এর বাড়িতে বেড়াতে যান এবং সেখানেই অবস্থান করছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাত ১১টা থেকে রোববার সকাল সাড়ে ৭টার মধ্যে কোনো এক সময় তিনি ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস দেন।

পরিবারের সদস্যরা সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখে তাকে ঝুলন্ত অবস্থায় পান। পরে পুলিশে খবর দিলে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি মো. মুজিবুর রহমান জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।