
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় পতাকা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র ছবি অবমাননার অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (১৯ এপ্রিল) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস শাহীদ মিয়া-কে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. শাহাবুল আলম, সহকারী প্রক্টর মো. খাইরুল ইসলাম এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম।
অফিস আদেশে বলা হয়, গত ১৫ এপ্রিল প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ভবনে তালা লাগানো, ব্যানার ছেঁড়া, ভাঙচুর ও উসকানিমূলক কর্মকাণ্ডসহ সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ওইদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীরা প্রশাসন ভবন অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় উত্তেজনার একপর্যায়ে ফটকে টানানো খালেদা জিয়া ও জাতীয় পতাকার ছবিযুক্ত ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানায়।



