খোন্দকার দেলোয়ারের পরিবারকে অনুষ্ঠানে বাধা, একাধিক সংগঠনের নিন্দা
খোন্দকার দেলোয়ারের পরিবারকে অনুষ্ঠানে বাধা, একাধিক সংগঠনের নিন্দা।ছবি: সংগৃহীত

বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে ডক্টর খোন্দকার আকবর হোসেন বাবলুকে এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হতে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনসহ একাধিক সংগঠন।

রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

অভিযোগ উঠেছে, বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এই বাধা প্রদান করেন। সংগঠনগুলো এটিকে ‘ফ্যাসিবাদী আচরণ’ হিসেবে আখ্যা দিয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তার কাছে প্রকাশ্য ক্ষমা দাবি করেছে। অন্যথায় জাতীয় প্রেস ক্লাবের সামনে যৌথ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, বিএনপির দুর্দিনের কাণ্ডারি ভাষাসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা খোন্দকার দেলোয়ারের বড় ছেলে ডক্টর খোন্দকার আকবর হোসেন বাবলুকে আজ মানিকগঞ্জ ঘিওর উপজেলা বৈশাখী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে বাধা প্রদান করেছেন আওয়ামী ফ্যাসিস্টের দোসর এস এ জিন্নাহ কবির এমপি।

তিনি বলেন, বিএনপির দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, আজ তাদের অবমূল্যায়ন করা হচ্ছে। অথচ নতুনভাবে যুক্ত হওয়া সুবিধাভোগী মহল দলের চারপাশে বেষ্টনী তৈরি করে তৃণমূল নেতাকর্মীদের কোণঠাসা করছে।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, এই অন্যায় আচরণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।