রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী
রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী ।ছবি: সংগৃহীত

দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাসেন আলী।

শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। এতে ‘খ’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা হাসেন আলী ‘হরিণ’ প্রতীকে ১ হাজার ৪১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ক’ প্যানেলের খন্দকার মিজানুর রহমান ‘ক্রিকেট ব্যাট’ প্রতীকে পান ১ হাজার ২৬ ভোট।

নির্বাচনে দুই প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ২১টি পদের মধ্যে ‘ক’ প্যানেল জয় পায় ১১টিতে এবং ‘খ’ প্যানেল জয় পায় ১০টিতে।

ঘোষিত ফল অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ‘ক’ প্যানেলের শামসুর রহমান শান্তন, যিনি ‘ঘুড়ি’ প্রতীকে ১ হাজার ১৭০ ভোট পান। সহ-সভাপতি পদে জয় পান ‘খ’ প্যানেলের জিয়াউদ্দিন আহমেদ, তার প্রাপ্ত ভোট ১ হাজার ৭৫।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আরিফ হোসেন। তিনি জানান, মোট ২ হাজার ৯০০ ভোটারের মধ্যে ২ হাজার ৪৩৪ জন ভোট দিয়েছেন, যা প্রায় ৮৩ দশমিক ৯৩ শতাংশ।

নির্বাচিত হওয়ার পর হাসেন আলী বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় তিনি নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। তিনি আশা প্রকাশ করেন, এ ফলাফলের মাধ্যমে রাজশাহীর ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে এবং সদস্যদের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।