
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে এ আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম। তিনি জানান, একই সময়ে একই এলাকায় বিএনপির দুটি পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জারি করা আদেশ অনুযায়ী, দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহম্মেদ জানান, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ-এর অনুসারীদের সঙ্গে বিএনপির পরাজিত প্রার্থী ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার-এর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
সম্প্রতি এ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে যুবদল নেতা রিয়াদ আহত হন। এ ঘটনার প্রতিবাদে ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল-এর অনুসারীরা বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। পাল্টা কর্মসূচি দেয় প্রতিপক্ষ গ্রুপ, ফলে উত্তেজনা চরমে পৌঁছায়।
পরিস্থিতির অবনতি আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
স্থানীয়রা জানান, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় দলীয় সিদ্ধান্ত অমান্য করে একটি পক্ষ ভিন্ন অবস্থান নেওয়ায় বিএনপি অল্প ভোটের ব্যবধানে আসনটি হারায়। এরপর থেকেই স্থানীয় বিএনপির মধ্যে বিরোধ ও অসন্তোষ বিরাজ করছিল, যা সাম্প্রতিক উত্তেজনার পেছনে অন্যতম কারণ।



