ইবিতে খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগে বিএনপিপন্থিদের প্রতিবাদ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র ছবি অবমাননার অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ।ছবি: আরটিএনএন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় পতাকা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র ছবি অবমাননার অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপিপন্থি শিক্ষক-কর্মচারীরা।

রোববার (১৯ এপ্রিল) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জিয়া পরিষদ এবং বিএনপিপন্থি কর্মকর্তা সমিতির বিভিন্ন ইউনিট অংশ নেয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় পতাকা পদদলিত করা এবং একজন সাবেক প্রধানমন্ত্রীর ছবি অবমাননা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি পরিকল্পিত ও ন্যাক্কারজনক। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের প্রকৃত শিক্ষার্থী নয় বলেও মন্তব্য করেন তারা।

তারা আরও বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্যাম্পাসের শান্ত পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টারও নিন্দা জানান তারা।

বক্তারা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আসমা সাদিয়া রুনা ও শিক্ষার্থী নাজিদের হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই এ ঘটনা ঘটানো হয়েছে।

তারা অভিযোগ করেন, ঘটনার সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, গত বুধবার (১৫ এপ্রিল) নিহত শিক্ষিকা আসমা সাদিয়া রুনার হত্যার বিচারের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজনার একপর্যায়ে ভবনের ফটকে টানানো খালেদা জিয়া ও জাতীয় পতাকার ছবিযুক্ত একটি ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপিপন্থি বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানায়।