
মেহেরপুর জেলায় ফিলিং স্টেশনের পাশাপাশি ডিলার পয়েন্টে ডিজেল বিক্রি শুরু হওয়ায় চাষীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জেলা জুড়ে গত ৩-৪ দিন ধরে ১৭টি ডিলার পয়েন্টের বেশিরভাগেই ডিজেল সরবরাহ শুরু হয়েছে। পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড থেকে স্বল্প পরিমাণে ডিজেল পাচ্ছেন ডিলাররা, যা সরাসরি কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে।
ডিলার পয়েন্টের আশপাশের এলাকার চাষীরা সহজেই ডিজেল সংগ্রহ করতে পারছেন। এতে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়ানোসহ নানা ভোগান্তি থেকে কিছুটা মুক্তি মিলেছে বলে জানিয়েছেন তারা।
প্রাথমিকভাবে প্রতিটি ইঞ্জিনের জন্য ৫ লিটার করে ডিজেল দেওয়া হচ্ছে। তবে চাষীদের দাবি, ডিলার পর্যায়ে আরও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে।
কৃষকদের অভিযোগ, ফিলিং স্টেশনগুলোতে দিনের পর দিন অপেক্ষা করেও ডিজেল পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে বিভিন্ন যানবাহনের মালিকরা প্রভাব খাটিয়ে তেল সংগ্রহ করে নিচ্ছেন, ফলে চাষীরা বঞ্চিত হচ্ছেন।
এই পরিস্থিতিতে সহজলভ্য ও ভোগান্তিমুক্তভাবে ডিজেল পেতে ডিলার পয়েন্টে সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন কৃষকরা।



