মেরিন ড্রাইভে চলন্ত মিনিকারে অগ্নিকাণ্ড, অতঃপর...
মেরিন ড্রাইভে চলন্ত মিনিকারে অগ্নিকাণ্ড।ছবি: আরটিএনএন

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাড়ায় চালিত একটি যাত্রীবাহী মিনিকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৯ এপ্রিল) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া জানান, টেকনাফ শাপলা চত্বর থেকে চারজন যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে তা দাউ দাউ করে জ্বলতে শুরু করে।

তিনি আরও জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ঘটনায় গাড়ির চালক ও মালিক টেকনাফের কচুবনিয়া এলাকার মো. ফিয়ার আলম অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাড়ির এক যাত্রী নুরে আলম বলেন, “চলন্ত অবস্থায় হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা জামিন মিয়া বলেন, “তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।”