
নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে একহাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান-এর নেতৃত্বে শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
পোরশা উপজেলার গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি থেকে সাপাহারগামী মহাসড়কের বালিয়াচান্দা এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে চালক মো. শামীম চৌধুরী (২০)-এর কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো সুজুকি জিকসার মোটরসাইকেল (মূল্য আনুমানিক ২ লাখ টাকা) জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



