টাঙ্গাইলে ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত
টাঙ্গাইলে ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত।ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কে ট্রাকের চাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার হাসু (২০) এবং একই জেলার আশরাফ (৩০)। তারা মোট ১৯ জন শ্রমিকের সঙ্গে ওই এলাকায় সড়ক-সংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় ঢাকা মুখে সার্ভিস লেন দিয়ে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারায়। এ সময় কিছু শ্রমিক সার্ভিস লেনে বসে থাকায় শ্রমিকদের উপর দিয়ে ট্রাকটি চলে যায়। তাৎক্ষণিক ঘটনাস্থলাই দুজন নিহত হন। অপর দুজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

তিনি বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।