পানিসম্পদমন্ত্রী  শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে একটি নতুন বিপ্লব সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশজুড়ে খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হলে জলবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি হবে।

মন্ত্রী বলেন, মা-বোনদের প্রতি সম্মান রেখে গ্রামাঞ্চলে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং অগ্রাধিকারের ভিত্তিতে তা বাস্তবায়ন করা হবে। জলবদ্ধতা নিরসন এবং প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে টিকে থাকতে হলে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।

কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য পানির বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে পানি সংরক্ষণ করা সম্ভব হবে, যা শুষ্ক মৌসুমে সেচ কাজে ব্যবহার করা যাবে। একইসঙ্গে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা কমানো সম্ভব হবে।