
পাবনার চাটমোহরে হিন্দু ধর্মাবলম্বীদের দেব-দেবী নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে আওলাদ হোসেন (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালি মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক ওই গ্রামের মোহর চাঁদের ছেলে এবং চাটমোহর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
মামলা সূত্রে জানা গেছে, সদ্য শেষ হওয়া চড়ক পূজা নিয়ে আওলাদ হোসেন একটি ভিডিও তৈরি করেন। সেখানে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের দেব-দেবী ও ধর্মীয় বিষয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং গত বুধবার (১৫ এপ্রিল) ভিডিওটি ‘কেসিপি মিন্টু ব্লগস’ নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করেন। পরে ভিডিওটি ভাইরাল হলে তা স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের নজরে আসে এবং তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এরপর শুক্রবার এ ঘটনার প্রেক্ষিতে আওলাদ হোসেনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে সমীর বিশ্বাস নামের এক ব্যক্তি বাদী হয়ে চাটমোহর থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ বিষয়ে চাটমোহর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। চাটমোহর একটি সম্প্রীতির শহর, এখানে ধর্ম নিয়ে কখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা অভিযুক্তের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, থানায় ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়েছে। আওলাদ হোসেন নামের ওই যুবককে গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।



