জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ৪ জাহাজ
জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ৪ জাহাজ।ছবি: সংগৃহীত

১ লাখ ৩৮ হাজার টন পরিশোধিত জ্বালানি তেলবাহী চারটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আমদানিকৃত এই চালানের বড় অংশ জুড়েই রয়েছে ডিজেল। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সূত্রমতে, বর্তমান মজুত ও নতুন আসা এই চালানের ফলে বাজারে জ্বালানি তেলের কোনো সংকটের আশঙ্কা নেই।

শুক্রবার (১৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন বিপিসির উপ-মহাব্যবস্থাপক (গণসংযোগ) মনিলাল দাশ। 

তিনি জানান, দেশে বর্তমানে ১ লাখ ৫৫ হাজার টন ডিজেল মজুত রয়েছে। নতুন চারটি ট্যাংকারে এসেছে আরও ১ লাখ ৪১ হাজার টন। এই তেল খালাস হলে মোট মজুতের পরিমাণ দাঁড়াবে প্রায় ২ লাখ ৯৬ হাজার টনে, যা দিয়ে সারা দেশের প্রায় ২৫ দিনের চাহিদা মেটানো সম্ভব হবে।

বিপিসির তথ্যমতে, বর্তমানে বন্দরের আলফা অ্যাংকরে তিনটি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে পর্তুগালের ‘এমটি কেপ বনি’ ৩৩ হাজার ৩৯৮ টন ডিজেল, কেম্যান আইল্যান্ডের ‘এমটি নেভি সিয়েলো’ ২৭ হাজার ৩৬৩ টন অকটেন এবং চীনের ‘এমটি লিয়ান সং হো’ ৪১ হাজার ৯০৭ টন ডিজেল নিয়ে এসেছে।