নওগাঁতে আন্তজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
নওগাঁতে আন্তজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ছবি: আরটিএনএন

নওগাঁতে আন্তজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় ভুয়া প্লাটিনাম কয়েন উদ্ধার করা হয়। 

শুক্রবার (১৭ এপ্রিল) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কাছে দুইজন ভুক্তভোগী অভিযোগ করেন যে, একটি প্রতারক চক্র তাদের কাছে মূল্যবান দুটি প্লাটিনাম কয়েন বিক্রি করার প্রলোভন দেখিয়ে বেশ কয়েক লাখ টাকা নিয়েছে। প্রতারক চক্র প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীকে বিভিন্ন জায়গায় যেতে বললেও, তারা সেখানে উপস্থিত হয়নি। পরে আরও টাকা দাবি করে তারা জানায়, টাকা দিলে মূল্যবান কয়েনটি আজই হস্তান্তর করবে।

ভুক্তভোগীরা পুলিশের সাহায্য চেয়ে পুলিশ সুপারের অফিসে গেলে, পুলিশ সুপার দ্রুত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁকে আসামি শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেন। পুলিশ সুপারের নির্দেশনা পেয়ে ডিবি নওগাঁ তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং সিসি ফুটেজ বিশ্লেষণ করে হোটেল ফারিয়াল থেকে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। আসামিরা হলেন: মো: উজ্জ্বল (৪৭), পিতা খলিল মিয়া, আজীজ মহল্লা, জয়েন্ট কোয়ার্টার, মোহাম্মদপুর, ঢাকা,আল মামুন (৪৭), পিতা সেলিম খান, দপদপিয়া, নলছিটি, ঝালকাঠি এবং দেলোয়ার (৪৮), পিতা ওসমান গনি, মাহমুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় যে, নওগাঁ সদর এলাকার এক ব্যক্তির কাছে মূল্যবান প্লাটিনাম কয়েন সংরক্ষিত রয়েছে। তথ্য প্রযুক্তি এবং কাউন্টার ইন্টেলিজেন্স ব্যবহার করে, পুলিশ আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী নওগাঁ শহরের একটি হোটেল থেকে প্রধান আসামি আবু সাইদ (৩৪), পিতা আব্দুস সোবাহান, দাস কান্দি, নওগাঁকে গ্রেফতার করে।

এরপর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে দুইটি ভুয়া প্লাটিনাম কয়েন উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, "বিভিন্ন সময় মানুষ লোভের বসবর্তী হয়ে প্রতারক চক্রের খপ্পরে পড়ে এবং সর্বস্বান্ত হয়। গ্রেফতার হওয়া চার ব্যক্তি দীর্ঘদিন ধরে মূল্যবান প্লাটিনাম কয়েনের প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা প্রতারণা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই প্রতারণার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুতরাং, প্রতারণা থেকে সাবধান থাকতে হবে।"