নেত্রকোনায় পৃথক অভিযানে ৩ মাদক-সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ড
মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।ছবি: আরটিএনএন

নেত্রকোনার মদন ও খালিয়াজুরী উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে তিনজন মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মদন উপজেলার দশআশি গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে পলাশ মিয়া (৩৭) ও টিটু মিয়া (৩৫)-কে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২০০ গ্রাম গাঁজা ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৮০০ টাকা করে জরিমানা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

এদিকে খালিয়াজুরী উপজেলার রানীচাপুর গ্রামে পৃথক আরেকটি অভিযানে মাসুদ মিয়াকে (৪৫) আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদির হোসেন শামীমের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিরউদ্দিন জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে নির্ধারিত প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হবে।