
গাজীপুরের কাশিমপুরে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এ.বি. সিদ্দিক ইসলামী আল-ফালাহ মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) গাজীপুর মহানগরীর সারদাগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ফজল চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হাজী মোস্তফা মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাশিমপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষক ও অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা বলেন, ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা ও আদর্শে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে শিক্ষার্থীদের।
এ সময় বিদায়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক উপহার প্রদান করা হয়। আবেগঘন পরিবেশে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।



