
পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মাসুদ রানা সরকার (২৮)। তিনি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ঘনিমহেশপুর গ্রামের শরিফ সরকারের ছেলে।
আটোয়ারী থানা সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় পঞ্চগড় জেলা পুলিশ সুপার মো. রবিউল ইসলামের নির্দেশনায় এবং আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমানের তত্ত্বাবধানে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জন্মভূমি পার্ক এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটোয়ারী থানার ওসি মো. মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তাকে পঞ্চগড় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



