বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীতে বাংলা নববর্ষ উদযাপন, সারাদেশ, নববর্ষ, রাজবাড়ী,
রাজবাড়িতে ধুমধাম করে পালিত হয়েছে নববর্ষ।ছবি: আরটিএনএন

বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে রাজবাড়ীতে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়ে নতুন বছরকে বরণ করে নেয় জেলার সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আমতলা থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসক আফরোজা পারভীন ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদের নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে শহীদ খুশি রেলওয়ে মাঠে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য, খেলনা ও নানা ধরনের খাবারের স্টলে ভিড় জমায় দর্শনার্থীরা।

এছাড়া রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ষবরণ উদযাপন পর্ষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান। অন্যদিকে রাজবাড়ী আজাদী ময়দানে জাসাসের আয়োজনে দিনব্যাপী গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে এলাকা।

জেলার বিভিন্ন উপজেলাতেও দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। সব মিলিয়ে উৎসব, ঐতিহ্য ও আনন্দঘন পরিবেশে নতুন বছরকে বরণ করে নেয় রাজবাড়ীর মানুষ।