খুলনায় বাংলা নববর্ষ উদযাপন ও বর্ণাঢ্য র‌্যালি, সারাদেশ, খুলনা, নববর্ষ, র‌্যালি,
খুলনায় ধুমধাম করে পালিত হলো নববর্ষ।ছবি: আরটিএনএন

যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে আজ (মঙ্গলবার) খুলনায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়। খুলনা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মধ্যে ছিল বর্ষবরণ, বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলা নববর্ষের এবারের প্রতিপাদ্য ছিল—‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।

সকালে রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পহেলা বৈশাখ উপলক্ষে খুলনা শহিদ হাদিস পার্কে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. নাজমুল হক বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব। বাঙালির লোকসংস্কৃতির সঙ্গে বাংলা নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত।

তিনি আরও বলেন, “বিগত বছরের যত গ্লানি মুছে ফেলে আমরা নতুন বর্ষে নতুনভাবে শুরু করি। আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু করেছি। ঐক্যবদ্ধ রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চাই। এটাই হোক নববর্ষের সকলের আকাঙ্ক্ষা। আমরা সবাই মিলে খুলনাসহ সমগ্র বাংলাদেশকে একটি সুষ্ঠু ও সুন্দর জনপদে রূপান্তর করব এবং দেশের উন্নয়নে সবাই অংশগ্রহণ করব।”

অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলমসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নববর্ষ উপলক্ষে জেলা কারাগার, হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও এতিমখানাগুলোতে ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। কারাবন্দিদের তৈরি বিভিন্ন পণ্যের প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকও অনুষ্ঠিত হয়।

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করে। পহেলা বৈশাখ উপলক্ষে শহিদ হাদিস পার্কে দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়।