পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান কথায় নয় কাজে বিশ্বাসী এবং এর প্রতিফলন ইতিমধ্যে দেশের মানুষ দেখতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের গেদিপাড়া ছেতনাই খাল খনন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যেই নির্বাচনী ইশতেহার পূরণে ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে। উন্নয়ন কর্মসূচিতে কোনো দল বা ধর্ম-বর্ণের ভেদাভেদ নেই বরং কৃষক ও শ্রমিকরাই এই উন্নয়নের মূল অংশীদার। বিশেষ করে খাল খননের মাধ্যমে প্রকৃত কৃষকরা সরাসরি উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এটি অক্ষরে অক্ষরে পালন করা হবে যার মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এ ছাড়া তিনি বর্তমান যুব সমাজকে অনলাইন ক্যাসিনো, জুয়া এবং মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে স্থানীয় অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।