
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কৃষ্ণপুর মরাঘাট এলাকায় কোনো সংযোগ সড়ক ছাড়াই নির্মাণ করা হয়েছে একটি আরসিসি ব্রিজ। বৈরাগী খালের ওপর নির্মিত এই ব্রিজটি ৩৩ লাখ টাকার বেশি ব্যয়ে তৈরি হলেও বর্তমানে এটি জনসাধারণের কোনো কাজেই আসছে না।
এলাকাবাসীর অভিযোগ, জনস্বার্থ বিবেচনা না করে কেবল সরকারি অর্থের অপচয় করতেই এই ‘অপ্রয়োজনীয়’ ব্রিজটি নির্মাণ করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, ২০২৩–২৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এই ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়। ৯.১৫ মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি নির্মাণে বরাদ্দ ছিল ৩৩ লাখ ১৭ হাজার টাকা। কাজটি বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মামুন অ্যান্ড ব্রাদার্স।
সরেজমিনে দেখা গেছে, বৈরাগী খালের ওপর ব্রিজটি নির্মিত হলেও এর দুই প্রান্তে কোনো সংযোগ সড়ক নেই। দুই পাশে রয়েছে ব্যক্তিমালিকানাধীন জমি। ফলে স্থানীয় জনগণ বা যানবাহন কেউই ব্রিজটি ব্যবহার করতে পারছে না।
স্থানীয়রা জানান, সাধারণত জনস্বার্থে যাতায়াতের সুবিধার্থে সরকার ব্রিজ বা কালভার্ট নির্মাণ করে থাকে। কিন্তু এই ক্ষেত্রে প্রয়োজনীয় পরিকল্পনা ও বাস্তবতা বিবেচনা করা হয়নি বলে তাদের অভিযোগ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “যেখানে রাস্তা নেই, সেখানে এত টাকা খরচ করে ব্রিজ বানানোর কোনো মানে হয় না। এটি সরকারি অর্থ অপচয়ের শামিল।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, প্রকল্প গ্রহণের আগে যথাযথ সম্ভাব্যতা যাচাই করা হয়নি। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



