
রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে উপজেলার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মো. আজাদ মন্ডলের ছেলে জিহাদ মন্ডল (২১), মৃত মুকুর আলী মন্ডলের ছেলে মো. আনিচ মন্ডল (২৫), মো. রাজিম উদ্দিন শেখের ছেলে শামীম শেখ (১৯), মিন্টু মন্ডলের ছেলে মো. মিরাজুল ইসলাম (৩২) এবং মো. লুৎফর সরদারের ছেলে শাওন সরদার (২১)।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, আসামিরা ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল— এমন সংবাদের ভিত্তিতে পাঁচ যুবককে গ্রেফতার করা হয়। এ সময় আরও ১১ থেকে ১২ জন পালিয়ে যায়। আসামিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।



