
এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে হায়দরগঞ্জ আদর্শ সাংগঠনিক থানা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব। তিনি তার বক্তব্যে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই সময়ে ধৈর্য, অধ্যবসায় ও আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে এগিয়ে যেতে হবে। তিনি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মোঃ আরমান হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফলই নয়, নৈতিকতা ও আদর্শিক জীবনে উন্নতি অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমেদ্বীন হযরতুল আল্লামা মাওলানা সাইয়েদ জাহেদ ইজ্জদ্বীন তাহের জাবিরী আল-মাদানী।
তিনি দোয়া পরিচালনা করেন এবং পরীক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত করেন। তিনি বলেন, আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, তাই সকলকে বেশি বেশি দোয়া ও ইবাদতের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও বিপুল সংখ্যক পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে সকল পরীক্ষার্থীর সফলতা ও দেশের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।



